বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার।
শনিবার মুন্সীগঞ্জ সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিরোধী মহলের একদলীয় শাসন প্রতিষ্ঠার অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির ইতিহাসই গণতান্ত্রিক চর্চার সঙ্গে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় রাজনীতির পথ উন্মুক্ত করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন গণতন্ত্র ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। ফলে বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী রাজনীতির অভিযোগ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলটির সাংগঠনিক কাঠামো ও রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে জনগণ অবগত রয়েছে। গণতন্ত্রের প্রশ্নে তাদের অবস্থান নিয়েও তিনি সমালোচনা করেন।
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, উভয় দেশের স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই সম্ভাব্য চুক্তিগুলো সম্পন্ন হবে। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
পরে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সরকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য ভাতা কার্যক্রম উল্লেখযোগ্য। এছাড়া দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর-মোল্লারচর সংযোগকারী কাঠের সেতুর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেন।
এর আগে গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজারে গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত একটি আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা।
সংশ্লিষ্টদের আশা, নতুন অবকাঠামো বাজার ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গজারিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ফুলদি নদীর ওপর একটি সেতু নির্মাণের আশ্বাসও দেন।
তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে এলজিইডির প্রধান প্রকৌশলী পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় জরিপ ও কারিগরি মূল্যায়ন শেষে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
অবকাঠামোগত উন্নয়নের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং মানুষের ভোগান্তি কমবে।
মুন্সীগঞ্জ সফরের অংশ হিসেবে তিনি মোল্লারচর এলাকার একটি সাঁকো পরিদর্শন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। এছাড়া উত্তর ইসলামপুর এলাকায় গিয়ে স্থানীয়দের সমস্যার খোঁজখবর নেন এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।
পরে জেলা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, এলজিইডির কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসআর