দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগ নস্যাৎ এবং দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে গণতন্ত্র রক্ষার্থে চক্রান্তকারীদের অবশ্যই চিহ্নিত করা হবে।
শুক্রবার (৫ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক এমপি ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা এবং প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বিএনপিকে একটি উদারপন্থী ও জনগণের অধিকার-কল্যাণে নিবেদিত সম্পূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশে বর্তমানে গণতন্ত্রে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে, যাদের প্রতিহত করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাজনীতিতে মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বিভিন্ন নেতার চরিত্র হননের তীব্র সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কিছু মহল নির্বাচন-পূর্ববর্তী চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রান্ত নস্যাৎ করা বর্তমান সরকারের অন্যতম দায়িত্ব।
স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনার নিন্দা জানান এবং নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। নানা ষড়যন্ত্র সত্ত্বেও জনগণ বিএনপি ও বর্তমান সরকারের পাশে রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এসআর