দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানির উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও সক্ষমতা বাড়াতে সরকার আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে। এ খাতকে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক করে তোলাই সরকারের লক্ষ্য।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ সপ্তাহের আয়োজন করেছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এতে অংশ নিচ্ছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি বিভাগে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে।
২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহ উদযাপন করা হবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দুধ, মাংস ও ডিমের জোগান নিশ্চিত করার পাশাপাশি দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
গ্রামীণ মানুষের আয় বৃদ্ধি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নতুন উদ্যোক্তা তৈরি এবং দারিদ্র্য হ্রাসেও এ খাতের ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, উন্নত জাতের পশু-পাখি পালন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ এবং উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি এর অর্থনৈতিক সম্ভাবনাও আরও বিস্তৃত হবে।
এ/এইচ/টি