এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণ এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং আইনজীবী অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।
এর আগে হাইকোর্টের দেওয়া ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা বন্ধ রাখার কথা বলা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার জন্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে সম্প্রতি উপাচার্যদের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৈঠকে আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ১ জানুয়ারির পর থেকে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু করার বিষয়টিও উঠে আসে।
তবে ইউজিসির বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের পরিকল্পনা অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানায়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে।
এফ/ডি