তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের খাবারের খরচ কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য
বিক্রি (ওএমএস) কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগের ফলে একজন শ্রমিক প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে তিন মাস মেয়াদে এ কার্যক্রম পরিচালনার কথা ভাবা হচ্ছে।
কর্মসূচিটি বাস্তবায়নে অতিরিক্ত বাজেট বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। অর্থ বিভাগের অনুমোদন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
যেভাবে চাল পাবেন শ্রমিকরা
গত বুধবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো খাদ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরুর প্রস্তাব করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন স্বাক্ষরিত চিঠিটি অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বরাবর পাঠানো হয়েছে, যেখানে কর্মসূচিটি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জীবনযাত্রার বাড়তি ব্যয় সামাল দেওয়া এবং তাদের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই ভর্তুকি মূল্যে চাল সরবরাহের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবনা অনুযায়ী, একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি করে চাল কিনতে পারবেন এবং প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রথম পর্যায়ে ঢাকা মহানগর, ঢাকার আশপাশের এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
পোশাকশ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ প্রতি শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে ৫ টন হিসেবে সপ্তাহে মোট ৩৭৫ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে তিন মাস এ কার্যক্রম চলবে।
প্রয়োজন হবে সাড়ে চার হাজার টন চাল
বিশেষ এ ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চালের সংস্থান রাখার কথা জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, সরকারি খাদ্যশস্যের বর্তমান মজুত থেকেই এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব। প্রস্তাবে চাল সরবরাহ, ট্রাকে বিক্রি এবং পরিবহণসহ আনুষঙ্গিক ব্যবস্থাপনার বিষয়গুলোও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বর্তমানে কর্মসূচিটি শুরুর বিষয়টি অর্থ বিভাগের চূড়ান্ত অনুমোদন ও বাজেট বরাদ্দের ওপর নির্ভর করছে।
তিন মাসের বদলে দীর্ঘমেয়াদি করার পরামর্শ
অর্থনীতিবিদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ মনে করেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির এই সময়ে শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর উদ্যোগটি অত্যন্ত ইতিবাচক। তবে এটি কেবল তিন মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদে চালু রাখলে শ্রমিকরা বেশি উপকৃত হবেন।
তিনি জানান, তিন মাস পর ৩০ টাকা কেজি দরে চাল কেনার এই সুবিধা বন্ধ হয়ে গেলে শ্রমিকদের মাঝে পুনরায় সংকট দেখা দিতে পারে। এই পরিস্থিতি এড়াতে বেতনের সঙ্গে সমন্বয় করে খাদ্য সহায়তার সুবিধাটি স্থায়ীভাবে চালু রাখা গেলে তা সবচেয়ে কার্যকর হবে।
অধ্যাপক আবু আহমেদের মতে, শ্রমিকদের জন্য দ্রুত নতুন মজুরি কাঠামো নির্ধারণ করাও অত্যন্ত জরুরি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে শ্রমিকদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। দ্রুত নতুন মজুরি ঘোষণা করা হলে শ্রমিক অসন্তোষ এবং সামগ্রিক সংকট অনেকটাই কমে আসবে।
বাজেটে বাড়বে খাদ্য ভর্তুকি
অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে ভর্তুকি মূল্যে চাল দেওয়ার সিদ্ধান্তটি কার্যকর হলে সরকারের খাদ্য ভর্তুকির পরিমাণ বাড়বে। এর ফলে বাজেটে বাড়তি চাপ সৃষ্টি হলেও শ্রমিকদের কল্যাণে সরকার যথেষ্ট আন্তরিক।
ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন এবং এবার খাদ্যে ভর্তুকি দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে শ্রমিকদের সার্বিক কল্যাণে সরকারের পাশাপাশি কারখানা মালিকপক্ষকেও আরও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়াও চলছে
চলমান শ্রমিক অসন্তোষের মধ্যেই তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধিরা তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করেছেন, যেখানে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক বেতন ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
এইচ/এম