[email protected] শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩

৮ নভেম্বর কি সরকারি ছুটি? অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে যা জানা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬ ৭:৫৮ পিএম

সংগৃহীত ছবি

আগামীকাল রোববার (৮ নভেম্বর) সরকারি ছুটি থাকবে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে।

আগামীকাল রোববার (৮ নভেম্বর) সরকারি ছুটি থাকবে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, দিনটি সবার জন্য সাধারণ ছুটি কিংবা নির্বাহী আদেশের ছুটি হিসেবে নির্ধারিত নয়। শ্যামাপূজা উপলক্ষে এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটির দিন।

 

এ কারণে সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। তবে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

 

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আগামীকাল রোববার উদযাপিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এই পূজা অনুষ্ঠিত হয়।

 

উৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশানসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে বিশেষ পূজার।

 

তবে অফিস-আদালত খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, শ্যামাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এদিন পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে।

 

অর্থাৎ, ৮ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালত খোলা থাকবে।

 

মূলত শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি এবং পরদিন শ্যামাপূজার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ৮ নভেম্বরও সারাদেশে সরকারি ছুটি থাকবে বলে বিভ্রান্তি ছড়িয়েছে।

 

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকায় ৮ নভেম্বর সবার জন্য সাধারণ ছুটি হিসেবে অন্তর্ভুক্ত নেই।

এফ/ডি

সম্পর্কিত খবর