[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

শ্রমিক অসন্তোষে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬ ৬:৩৫ পিএম

সংগৃহীত ছবি

দেশের পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, চলমান পরিস্থিতি পর্যালোচনায় ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিনের অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে শ্রমিকদের বিক্ষোভ ও পোশাক খাতে অস্থিরতা বাড়তে থাকায় সংযুক্ত আরব আমিরাত সফরের কর্মসূচি স্থগিত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দুপুর ১টার দিকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের বেতন পুনর্মূল্যায়নের লক্ষ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।

তবে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে মনোনীত ব্যক্তির নাম পেতে বিলম্ব হওয়ায় বোর্ড গঠনের প্রক্রিয়াও পিছিয়ে যায় বলে জানা গেছে।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা।

রোববার সকাল থেকে মিরপুর-১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।

দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। একই দাবিতে গাজীপুরেও সড়কে নেমে আন্দোলন করছেন শ্রমিকেরা।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর