[email protected] বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ৬:২৬ পিএম

সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

আগামী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন।

একই দিন উপনির্বাচনের সময়সীমার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, আইন অনুযায়ী আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম অনুসরণ করেই কিশোরগঞ্জ-৩ আসনে ভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

উপনির্বাচনের কারণে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।

প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখা হতে পারে। আবার একই সময়ে দুটি নির্বাচন আয়োজন সম্ভব কি না, সেটিও বিবেচনা করা হবে।

এর আগে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক।

এ জন্য তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। পরবর্তী সময়ে সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণা করে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক।

গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি অংশ নেননি। নিজের অনুপস্থিতির বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়েও চিঠি পাঠিয়েছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ওসমান ফারুক।

এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই ককাসের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

Zashim

সম্পর্কিত খবর