দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসন, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি দিয়েছে বাংলাদেশ ঐক্য পার্টি।
শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীর উদ্দেশে এ চিঠি পাঠ করেন।
এ সময় তিনি রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় দলের প্রস্তাবিত আট দফা রূপরেখা তুলে ধরেন।
আবদুর রহীম চৌধুরী জানান, ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ঐক্য পার্টি প্রচলিত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে থেকে রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও রাজনৈতিক বিভাজন, অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের বিপুলসংখ্যক মানুষ এখনো অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রয়েছেন।
সরকার কিংবা নেতৃত্বের পরিবর্তন হলেও দুর্নীতি ও অনিয়মের বিদ্যমান কাঠামোয় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তিন মাসের তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, এ সময়ে কোটিপতি আমানতকারীর সংখ্যা পাঁচ হাজার বেড়েছে। ব্যাংকিং খাতের বাইরেও এ ধরনের সম্পদের পরিমাণ কয়েক গুণ বেশি হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
অর্থনীতির এই বৈষম্য, প্রকৃত মাথাপিছু আয় এবং দেশি-বিদেশি ঋণের প্রকৃত চিত্র নির্ধারণে মন্ত্রী ও সচিবদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে সংবাদ সম্মেলনে তা প্রকাশের দাবি জানান ঐক্য পার্টির চেয়ারম্যান।
খোলা চিঠিতে দুর্নীতি প্রতিরোধ ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শ করে দুর্নীতি থেকে বিরত থাকার প্রকাশ্য অঙ্গীকার করার প্রস্তাব রয়েছে।
পাশাপাশি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পর্যায়েও অনিয়ম ঠেকাতে কার্যকর ক্ষমতাসম্পন্ন স্বাধীন ‘ন্যাশনাল ইন্টিগ্রিটি কমিশন’ গঠনের আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে ১৭ ফেব্রুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত সংঘটিত সক্রিয় ও নিষ্ক্রিয় অপরাধের বিচার নিশ্চিত করার কথা বলা হয়। একই সঙ্গে অপরাধী ব্যক্তি নিজের পরিবারের সদস্য হলেও আইনের প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—এমন কঠোর অবস্থান ঘোষণার আহ্বান জানানো হয়।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে দলটির চেয়ারম্যান প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, আইন ও ন্যায়বিচারের সীমার মধ্যে থেকে জাতীয় পুনর্মিলন, পারস্পরিক সমঝোতা এবং ক্ষমাশীলতার পরিবেশ তৈরি করা প্রয়োজন। বিদেশি কোনো আধিপত্যবাদী বা সাম্রাজ্যবাদী চাপ থাকলে তা জনগণের সামনে প্রকাশ করারও পরামর্শ দেন তিনি।
একই সঙ্গে বিরোধী দল ও যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করে মন্ত্রিসভা পুনর্গঠনের প্রস্তাব দেন আবদুর রহীম চৌধুরী।
তার মতে, দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতা, সততা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে টেকনোক্র্যাট কোটাসহ বিভিন্ন শ্রেণি-পেশার দক্ষ নাগরিকদের রাষ্ট্র পরিচালনায় যুক্ত করা যেতে পারে।
এ ক্ষেত্রে আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।
তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অহংকারমুক্ত ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে সর্বজনীন কমিটি গঠনের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এসব উদ্যোগে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় নেতাকে যুক্ত করে জনগণের রাজনৈতিক সচেতনতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে দলটি।
পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার প্রসঙ্গে ঐক্য পার্টির পক্ষ থেকে বলা হয়, বিদেশি রাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ যেকোনো চুক্তির আগে উন্মুক্ত আলোচনার মাধ্যমে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর মতামত ও সমর্থন নেওয়া উচিত।
বিশেষ করে ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বকালীন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত দেশের স্বার্থবিরোধী বলে বিবেচিত চুক্তিগুলো তথ্য-প্রমাণের ভিত্তিতে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া সশস্ত্র বাহিনীর সঙ্গে রাষ্ট্রের দূরত্ব কমানোর ওপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানানো হয়। দেশের উন্নয়ন ও নিরাপত্তায় বাহিনীর পেশাদারত্ব এবং দক্ষতা কাজে লাগানোর পরামর্শও দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে আবদুর রহীম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তার সামনে রয়েছে।
সততা ও দূরদর্শী কৌশল অবলম্বন করতে পারলে তিনি মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ কিংবা সিঙ্গাপুরের লি কুয়ান ইউকেও ছাড়িয়ে যেতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তবে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা দেখা দিলে অতীতের মতো অসাংবিধানিক শক্তির উত্থানের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ঐক্য পার্টির পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার আট দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে—প্রধান নির্বাহীর সর্বজনীন দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা, যোগ্য ও সৎ ব্যক্তিদের দায়িত্ব প্রদান, স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলা, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা, জনগণের নিরাপত্তা, দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং রাষ্ট্রীয় নীতির ধারাবাহিকতা বজায় রাখা।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের কোনো পদ-পদবি বা ক্ষমতার আকাঙ্ক্ষা নেই। জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অথবা সরকার তাদের প্রস্তাবিত আট দফা বাস্তবায়ন করলে সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে দলটি।
দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান সরকারকে নিঃস্বার্থভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য শেষ করেন দলটির চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে পার্টির প্রধান উপদেষ্টা আনিছুল হক চৌধুরী তারা, লে. কর্নেল আবু ইউসুফ যোবায়ের উল্লাহ, কমান্ডার সিদ্দিকুর রহমান, মাওলানা আলতাফ হোসেন মোল্লা, অ্যাডভোকেট সুমন কুমার রায়, কুসুম আক্তার, মোহাম্মদ আশরা আল মুশফিক ও মাহফুজা আক্তার মুন্নীসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এ/এইচ/টি