ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরবর্তী সময়ে তার হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে এলে আলোচনায় আসেন মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন।
বাবার নিখোঁজ হওয়ার ঘটনা এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন তিনি।
ডিবি সূত্রে জানা গেছে, ডরিনের স্থায়ী বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করছিলেন।
তবে কী অভিযোগে বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ/এইচ/টি