আজ ২০ নভেম্বর, বিশ্ব শিশু দিবস।
১৯৫৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব শিশু দিবস পালনের উদ্যোগ নেয়। পরবর্তী সময়ে ১৯৫৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ শিশু অধিকার ঘোষণাপত্র গ্রহণ করে। একই দিনে ১৯৮৯ সালে সংস্থাটির সাধারণ পরিষদ শিশু অধিকার সনদ অনুমোদন করে। এ কারণে ২০ নভেম্বর শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন হিসেবে বিবেচিত হয়।
বিশ্ব শিশু দিবসের অন্যতম উদ্দেশ্য হলো প্রতিটি শিশুর জন্য শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণ কিংবা আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে সব শিশুর সমান অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পায়। শিশুদের প্রতি নির্যাতন, অবহেলা, শোষণ ও সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব স্মরণ করিয়ে দেয় দিনটি।
তবে বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষায় এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। যুদ্ধ, রাজনৈতিক সংঘাত ও সহিংসতার কারণে অনেক শিশু বাস্তুচ্যুত হচ্ছে। হারাচ্ছে পরিবার, নিরাপদ আশ্রয় এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ। সংঘাতপ্রবণ এলাকায় শিশুদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশেও শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় বেশ কিছু সমস্যা রয়েছে। শিশুশ্রম, বাল্যবিবাহ, নির্যাতন ও অপুষ্টি প্রতিরোধের পাশাপাশি সবার জন্য মানসম্মত শিক্ষা এবং নিরাপদ বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের প্রতিটি পর্যায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিশুদের অধিকার নিশ্চিত করা গেলে একটি মানবিক, শিক্ষিত ও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
এফ/ডি