[email protected] শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

১ ডিসেম্বর থেকে ঢাকায় অবৈধ হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ১:৪৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো, শব্দদূষণ কমানো এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আগামী ১ ডিসেম্বর থেকে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিএমপি জানিয়েছে, ১ ডিসেম্বর সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হবে। এর আগে যানবাহনের মালিক ও চালকদের নিজেদের গাড়ি থেকে অবৈধ এসব সরঞ্জাম খুলে ফেলার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো গাড়িতে এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, হাইড্রোলিক হর্নের বিকট শব্দ রাজধানীর বাসিন্দাদের জন্য বড় ধরনের ভোগান্তি তৈরি করছে। বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা অতিরিক্ত শব্দের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু যানবাহনে এসব হর্ন ব্যবহার করা হচ্ছে। শব্দদূষণ কমাতে চালক ও মালিকদের সচেতন হওয়া প্রয়োজন।

 

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, অনুমোদন ছাড়া হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হবে। এসব সরঞ্জাম সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। অভিযানে অবৈধ সরঞ্জাম জব্দের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

তিনি বলেন, বাস ও ট্রাকের পাশাপাশি কিছু ব্যক্তিগত জিপগাড়িতেও অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন গাড়িতে অবৈধ সাজসজ্জার সরঞ্জাম ও সাইলেন্সার লাগানো হচ্ছে। এসব কর্মকাণ্ড সড়কের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তাকে ব্যাহত করছে।

 

সড়ক পরিবহণ বিধিমালা অনুযায়ী, নির্দিষ্ট চার ধরনের জরুরি সেবার যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ যান, উদ্ধারকাজে নিয়োজিত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে ব্যবহৃত যানবাহন। এসব যানবাহনের বাইরে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহনে উচ্চশব্দের বিশেষ হর্ন ব্যবহার নিষিদ্ধ।

 

অটোরিকশা ও একই ধরনের যানবাহনের উচ্চশব্দ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডিএমপির এই কর্মকর্তা। তিনি জানান, এসব যানবাহনের নিবন্ধন কার্যক্রম সিটি করপোরেশন পরিচালনা করছে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, যানবাহনের উচ্চশব্দের হর্ন মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘ সময় অতিরিক্ত শব্দের মধ্যে থাকলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, ঘুমের সমস্যা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। শিশু, বয়স্ক, হৃদরোগী ও অসুস্থ ব্যক্তিরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে, অনুমতি ছাড়া বিকন লাইট ব্যবহার সড়কে অযথা বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করতে পারে।

 

শব্দদূষণের নির্ধারিত মাত্রা

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী বিভিন্ন এলাকায় শব্দের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সীমা হলো—

  • নীরব এলাকায় দিনে ৫০ এবং রাতে ৪০ ডেসিবেল।
  • আবাসিক এলাকায় দিনে ৫৫ এবং রাতে ৪৫ ডেসিবেল।
  • মিশ্র এলাকায় দিনে ৬০ এবং রাতে ৫০ ডেসিবেল।
  • বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ এবং রাতে ৬০ ডেসিবেল।
  • শিল্প এলাকায় দিনে ৭৫ এবং রাতে ৭০ ডেসিবেল।
  •  

এ বিধিমালায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে নির্ধারণ করা হয়েছে।

আইন অমান্য করলে যেসব শাস্তি হতে পারে

২০০৬ সালের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী, জনসমাগমস্থলে অনুমতি ছাড়া মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার এবং পটকা বা আতশবাজি ফোটানোর অপরাধে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

 

অন্যদিকে, কোনো মোটরযান অনুমোদিত শব্দসীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

হাইড্রোলিক ও মাল্টি-টোন হর্নসহ অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাত কিংবা প্রদর্শনের ক্ষেত্রেও সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। অপরাধের ধরন অনুযায়ী উভয় দণ্ডও হতে পারে।

 

সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর ৮১ ধারায় মোটরযানে হর্ন ব্যবহারের নিয়ম নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, সতর্ক সংকেত দেওয়ার জন্য প্রতিটি মোটরযানে অনুমোদিত হর্ন থাকতে হবে। তবে হর্নের শব্দ নির্ধারিত মাত্রার বেশি হতে পারবে না। একাধিক সুরের হর্ন কিংবা তীব্র, কর্কশ ও ভীতিকর শব্দ তৈরি করে এমন কোনো যন্ত্র ব্যবহারও নিষিদ্ধ।

 

তবে নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজ এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে বিশেষ হর্ন ব্যবহারের ছাড় রয়েছে।

 

ডিএমপি আশা করছে, এই অভিযান বাস্তবায়িত হলে রাজধানীর সড়কে শব্দদূষণ কমার পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও উন্নত হবে।

এফ/ডি

সম্পর্কিত খবর