[email protected] শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাল-সবজির বাজারে ঊর্ধ্বমুখী দাম, বাড়তি খরচে চাপে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ১:১৭ পিএম

সংগৃহীত ছবি

শীতের মৌসুম শুরু হলেও স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে।

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দাম এখনো বেশ চড়া। এর পাশাপাশি বিভিন্ন ধরনের চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা।

 

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর খিলক্ষেত, আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজারের বিভিন্ন দোকান ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

 

চাল বিক্রেতারা জানান, বাজারে পুরোনো নাজিরশাইল চালের মজুত কমে আসছে। মিল পর্যায়ে এই চালের দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে চলতি মাসের শেষ দিক থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নতুন আমন ধান বাজারে আসতে শুরু করলে চালের দামে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে তাদের ধারণা।

 

সবজি ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি ও পরিবহণসংক্রান্ত সমস্যার কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে সবজি আসছে তুলনামূলক কম। ফলে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে শীতকালীন সবজির দাম কমতে পারে। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি ও বিক্রিও কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

 

বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নানা কারণ দেখিয়ে অনেক ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। এ প্রবণতা নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা পর্যায়ের মূল্য ব্যবধান নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। পাশাপাশি চালকলের মূল্যতালিকা প্রকাশ এবং অতিরিক্ত মুনাফা বন্ধে বাজার তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।

 

বাজারে চালের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে নাজিরশাইলের। গত ১৫ থেকে ২০ দিনে প্রতি কেজিতে এর মূল্য বেড়েছে ৩ থেকে ৪ টাকা। বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি নাজিরশাইল ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এদিকে সরু চাল মিনিকেটের দামও বেড়েছে। গত দুই সপ্তাহে কেজিতে প্রায় ২ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে এটি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। অন্যদিকে মাঝারি মানের পায়জাম ও ব্রি-২৮-২৯ চালের দাম কেজিপ্রতি ৫৬ থেকে ৬২ টাকার মধ্যে রয়েছে।

 

তবে মোটা চালের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। গুটি স্বর্ণা ও চায়না ইরি জাতের চাল এখনো প্রতি কেজি ৫০ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে।

 

সব মিলিয়ে চাল ও সবজির বাড়তি দামে সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। দ্রুত বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এফ/ডি

সম্পর্কিত খবর