[email protected] শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক উত্তেজনায় অগ্নিসংযোগের বিস্তার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ১০:২৬ এএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা বাড়ছে।

ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি এবং নেতাদের স্থাপনায়ও হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

সাম্প্রতিক কয়েক দিনে দেশের বিভিন্ন জেলায় অন্তত কয়েক ডজন বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে সড়কে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ এবং পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটছে। থানা ও ইউনিয়ন পরিষদ ভবনও এসব সহিংসতার বাইরে থাকছে না। কোথাও কোথাও প্রাণহানির ঘটনাও ঘটেছে।

 

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার সূত্রপাতের পর পরিস্থিতি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এর জেরে দেশের অন্যান্য এলাকায় আওয়ামী লীগের সাবেক নেতা ও জনপ্রতিনিধিদের বাড়িঘরেও পাল্টা হামলার ঘটনা ঘটে।

 

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতার মধ্যেই সাম্প্রতিক সহিংসতা বাড়তে থাকে।

 

সরকারের পক্ষ থেকে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

 

পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা মনে করেন, এ পরিস্থিতিতে সরকারকে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। একই সঙ্গে নাগরিকদের জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

 

বিএনপি নেতাদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা

সাম্প্রতিক সহিংসতায় গোপালগঞ্জে বিএনপির একাধিক নেতা ও জনপ্রতিনিধির বাড়িঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে।

 

গত ১৭ নভেম্বর রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ, এ সময় বাড়িতে লুটপাটও চালানো হয়। একই রাতে বিএনপির আরও কয়েকজন সমর্থকের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। টুঙ্গিপাড়া থানাতেও অগ্নিসংযোগ করা হয়।

 

পরদিন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের থানাপাড়া এলাকার বাসভবনে আগুন দেওয়া হয়। তার ব্যক্তিগত কার্যালয় এবং মালিকানাধীন আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। একই রাতে কাশিয়ানীর রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও আগুন দেওয়া হয়।

 

গত বৃহস্পতিবার গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। কাশিয়ানীর জয়নগর বাজার এলাকায় তার ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের কয়েকজন সমর্থকের বাড়িতেও আগুন দেওয়া হয়। এ ছাড়া মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

এর আগে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়। পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লা এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা জসিম শেখের বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। জেলার বিভিন্ন এলাকায় বিএনপির কার্যালয় ও সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে।

 

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বাড়িতেও আগুন

গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়িঘরে হামলার ঘটনার পর দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের বাসভবন এবং দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

গত বৃহস্পতিবার রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি বাড়ির ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার একটি ভবনে থাকা সাবেক মন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় বুধবার রাতে আগুন লাগে। একই রাতে সদর উপজেলার ফরাক্কাবাদ গ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

বরিশালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় হামলা, ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে। পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়ি এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জের জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ির সামনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে আবারও আগুন দেওয়া হয়েছে। একই রাতে আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবন এবং বরগুনায় দলটির সাবেক নেতা মশিউর রহমান শিহাবের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ড. ইউনূসের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’তেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে বাড়িটির পরিত্যক্ত একটি অংশে আগুন জ্বলতে দেখেন নিরাপত্তাকর্মীরা।

পুলিশ জানিয়েছে, বাড়িটিতে কেউ বসবাস করেন না। সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীও দায়িত্ব পালন করছিলেন। দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আক্রান্ত ইউনিয়ন পরিষদ ও সাবেক সেনা কর্মকর্তার বাড়ি

রাজনৈতিক নেতাদের বাসভবনের পাশাপাশি চাঁদপুর ও ময়মনসিংহে দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ ভবনে বুধবার রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার ভোরে আগুন দেওয়া হয়।

বরিশাল নগরীর বৌদ্ধপাড়া এলাকায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে কয়েকজন ব্যক্তি বাড়ির ভাড়াটিয়াদের বের করে দিয়ে ভেতরে ভাঙচুর চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর সেনাবাহিনী থেকে বহিষ্কৃত জিয়াউল আহসানকে পরে গ্রেপ্তার করা হয়। একাধিক গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিচার চলছে।

নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির আড়ালে কেউ সহিংসতা, নাশকতা, জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি বাড়ানো হয়েছে। নাগরিকদের জানমাল এবং সরকারি-বেসরকারি সম্পদের সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর