[email protected] শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ৯:৪১ পিএম

সংগৃহীত ছবি

নতুন নকশায় ছাপানো ২০ ও ৫০ টাকার নোট আগামী সপ্তাহে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

তবে ১০০ টাকার নোটের ক্ষেত্রে আপাতত নকশায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগের নকশার নোটই বাজারে সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি।

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নোট পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে জটিলতা তৈরি হয়। ফলে নির্ধারিত সময়ে নোট বিতরণ কার্যক্রম পিছিয়ে যায়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং পরিবহনসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষ হলেই আগামী সপ্তাহে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, একটি নোট ছাপানোর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ছয় মাস সময় প্রয়োজন হয়। পাশাপাশি আন্তর্জাতিক উৎস থেকে নোট মুদ্রণের কাঁচামাল সংগ্রহে বিলম্ব হওয়ায় ছাপানোর কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়নি।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, নতুন নোট কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছানোর পর পর্যায়ক্রমে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর