মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম বন্ধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
নতুন নির্দেশনায় মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। পাশাপাশি ‘মাইগ্রাম’ নামেও কোনো টাকা নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ডিমান্ড লেটারে যতজন কর্মীর চাহিদা উল্লেখ থাকবে, সেই সংখ্যা বিবেচনায় মেডিকেল স্লিপ দিতে হবে। তবে চাহিদার তুলনায় সর্বোচ্চ ৫ শতাংশ অতিরিক্ত স্লিপ দেওয়ার সুযোগ থাকবে। এর বাইরে ইচ্ছামতো বা অতিরিক্ত কর্মী পাঠানোর লক্ষ্যে স্লিপ ইস্যু করা যাবে না।
মেডিকেল সেন্টারগুলোকে প্রতিদিনের পরীক্ষার বিস্তারিত তথ্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের নাম, পাসপোর্ট ও ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে প্রতিবেদন অনলাইনে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
কোনো কর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আনফিট ঘোষণা করে বারবার পরীক্ষা করানো কিংবা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, সরবরাহ ও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট হওয়ার পর মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত কোনো কর্মী আনফিট হিসেবে বিবেচিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তার যাবতীয় খরচ বহন করতে হবে। প্রয়োজনে দেশে ফেরত পাঠানোর ব্যয়ও ওই কেন্দ্রকে দিতে হবে।
স্বাস্থ্য পরীক্ষার মান বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় পরীক্ষার যন্ত্রপাতি এবং পর্যাপ্ত সেবার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড মেনে পরীক্ষা পরিচালনার পাশাপাশি পরীক্ষার্থীদের বসার পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে হবে।
এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। নির্দেশনাগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে মন্ত্রণালয় থেকে বিশেষ মনিটরিং টিম গঠন করা হবে।
এ ছাড়া প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথের সামনে সহজে চোখে পড়ে এমন স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
এফ/ডি