[email protected] বৃহঃস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা রক্ষায় সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ১১:৩৯ এএম

সংগৃহীত ছবি

দেশের সাত জেলায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও পাঁচ প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন রয়েছেন।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সহিংসতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড ঠেকাতে কাজ করছেন তারা।

 

বিজিবি আরও জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রেখে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

 

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এফ/ডি

সম্পর্কিত খবর