[email protected] বৃহঃস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ১১:২৯ এএম

সংগৃহীত ছবি

এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তিনি জেলাটিতে পৌঁছান। সফরকালে শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নবিষয়ক কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

 

প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখবেন তিনি।

 

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন সরকারপ্রধান। তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

 

সফরের অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশনের একটি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে।

 

এ ছাড়া সার্কিট হাউসে কিছু সময় অবস্থানের পর জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

 

দিনব্যাপী এসব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এফ/ডি

সম্পর্কিত খবর