[email protected] বৃহঃস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুর থেকে টানা ৮০ বছর বিদ্যুৎ পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ ৮:০০ পিএম

সংগৃহীত ছবি

২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায় কাজের

 আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। এর মধ্যে কেটে গেছে ১৩ বছরেরও বেশি সময়, দিনের হিসেবে ৪ হাজার ৭৯৪ দিন।

​এর মাধ্যমে, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো।

​বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘মঙ্গলবার প্রথমবারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। বর্তমানে উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থিতিশীল রাখা হয়েছে। আরও কিছু পরীক্ষা শেষে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।’

​ভিভিইআর ১২০০ মডেলের কেন্দ্রটি নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর। তবে এর আগে কেন্দ্রটির ঋণ চুক্তি, সাইট নির্বাচন, নকশা প্রণয়নসহ নানা কাজে অন্তত ৫ বছর ব্যয় হয়। অতিমারি করোনার থাবা আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রূপপুরের উৎপাদন আরও ৫ বছর পিছিয়ে যায়। কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সাল। ডলারের দাম বৃদ্ধিতে এজন্য কেন্দ্রটির নির্মাণ ব্যয়ও বেড়েছে।

​সংশ্লিষ্টরা বলছেন, একবার বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কেন্দ্রটি টানা ১৮ থেকে ২৪ মাস বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কেন্দ্রটি ৮৫ থেকে ৯০ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কেন্দ্রটি থেকে টানা ৬০ বছর বিদ্যুৎ পাওয়া যাবে। সংস্কার করে কেন্দ্রটির আয়ুষ্কাল আরও ২০ বছর বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ, একবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে টানা ৮০ বছর বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

​অন্যদিকে কয়লা ও গ্যাসভিত্তিক জ্বালানির কেন্দ্র চলে ২০ বছর। এসব কেন্দ্র সংস্কার করে আরও ৫ বছর চালানো যায়।

এইচ/এম

সম্পর্কিত খবর