[email protected] বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে হামলার তীব্র নিন্দা সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ৯:৩১ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের

 বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

​বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলা চালানো হয়। সন্ত্রাস ও সহিংসতার দায়ে বাংলাদেশে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কর্মীরা এ ন্যক্কারজনক হামলা চালিয়েছে। ওই ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

​বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সম্পৃক্ত মহলের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করে।

​এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে সরকার।

​বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশে কিংবা বিদেশে গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতামত প্রকাশের কারণে কোনো নাগরিকেরই সহিংসতা বা ভয়ভীতির শিকার হওয়া উচিত নয়।

এইচ/এম

সম্পর্কিত খবর