শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্প এলাকায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে ইতোমধ্যে ছয়টি স্থানে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
তিনি জানান, শিল্পকারখানাসমৃদ্ধ ছয়টি এলাকায় পর্যায়ক্রমে হাসপাতালগুলো গড়ে তোলা হবে। এসব প্রতিষ্ঠানে শ্রমিকদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সব শ্রেণি ও পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমজীবী মানুষের জন্য মানসম্মত চিকিৎসার সুযোগ তৈরি করাও সরকারের অন্যতম লক্ষ্য।
সংসদে বক্তব্যের অন্য অংশে দেশের জ্বালানি, শিল্প ও স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকারপ্রধান। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে দেশের জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে পড়েছে। নিজস্ব খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। এতে শিল্প খাতের বিকাশও বাধাগ্রস্ত হয়েছে।
চিকিৎসা খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময়ে বিশেষ করে গ্রামীণ এলাকার স্বাস্থ্যসেবার মান ও সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার প্রবণতা ও নির্ভরতা বেড়েছে।
এফ/ডি