চলতি শীত মৌসুমে দেশে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে
আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে, যে সময়ে তাপমাত্রা কমে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১ নভেম্বর প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শীত মৌসুমে দেশে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
কুয়াশা ও অন্যান্য আবহাওয়ার পূর্বাভাস
শীতের শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও শীতের অনুভূতি বাড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে।
আগামী তিন মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
অক্টোবরের আবহাওয়া পরিস্থিতি
এর আগে অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত ৯ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়। মাসটিতে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দুটি লঘুচাপের মধ্যে একটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেয় এবং পরবর্তীতে প্রবল ও অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গত ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে। অক্টোবরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
নভেম্বর মাসে দেশের মাটির আর্দ্রতা ২৫ থেকে ৪৫ শতাংশের মধ্যে থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনায় স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস, জলবায়ু মডেল এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে।
এইচ/এম