দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।
বুলেটিনের তথ্য বলছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ২ হাজার ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ১১ জন।
মাসভিত্তিক হিসাব অনুযায়ী, অক্টোবরেই ডেঙ্গুতে সর্বাধিক ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা গেছেন। বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের আগের তথ্য অনুযায়ী, গত ৬ ও ১৫ অক্টোবর এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জন করে মারা গিয়েছিলেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। এতে চলতি মৌসুমে ডেঙ্গুর কারণে জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
এসআর