লিবিয়ায় আটকে পড়া এবং ভুক্তভোগী ১৭৪ জন বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৫টা ৪০ মিনিটে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। ফেরত আসা ব্যক্তিদের একটি বড় অংশ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে তাদের অনেকে অপহরণ ও মারাত্মক নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে এই সামাজিক ও মানবিক প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন হয়। সকালে বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা।
অনিয়মিত ও অবৈধ পথে বিদেশযাত্রার ভয়াবহ ঝুঁকি এবং পাচারকারীদের প্রতারণা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফেরত আসাদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের জানানোর অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে দেশে ফেরা প্রতিটি নাগরিককে আইওএম-এর পক্ষ থেকে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের জরুরি সহায়তা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও আটকে থাকা বাকি বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এসআর