প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজশাহীতে সফরে যাচ্ছেন তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য এক বিশালাকার জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া সফরকালে তাঁর নগরীর ধর্মসভা মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে রাজশাহীজুড়ে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা। সফরকে কেন্দ্র করে জনসভাস্থল প্রস্তুতকরণ, নগর পরিচ্ছন্নকরণ এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংসদ সদস্য, স্থানীয় মন্ত্রী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী প্রথমে রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনে যাবেন এবং পরবর্তীতে বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় অংশ নেবেন। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে রাজশাহীর সার্বিক অবকাঠামোগত ও আঞ্চলিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন জানান, বর্তমান বিএনপি সরকার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা চার লেন সড়ক, কুমারপাড়া ও বরেন্দ্র জাদুঘর সংলগ্ন সড়ক প্রশস্তকরণ, ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ, ফুটসাল গ্রাউন্ড ও সিনিয়র সিটিজেন পার্ক নির্মাণসহ একাধিক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে সম্প্রতি দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়ন সম্পন্ন করা হয়েছে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার কাজ চলমান রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী মেট্রোপালিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মুখপাত্র) গাজীউর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমন, রুট স্টেশন এবং অনুষ্ঠানস্থল ঘিরে কঠোর ও সুসংহত নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফর সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এসআর