রাজধানীতে মাদকবিরোধী অভিযানের সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনাটি তদন্তের দায়িত্ব ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে দেওয়া হয়েছে।
গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ঢাকা-৬ আসনের একটি এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় তাঁর হাতে অস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিওতে ইশরাককে ‘ধর, ধর, ধর’ বলে চিৎকার করতে দেখা যায়। ওই দিন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন তিনি। পরে সেটি সরিয়ে নেওয়া হয়। ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে মাদক বিক্রির আস্তানায় অভিযানের কথা উল্লেখ করা হয়েছিল।
ঘটনাটি নিয়ে সমালোচনার পর প্রতিমন্ত্রী দাবি করেন, তিনি কাউকে অস্ত্র দেখিয়ে ভয় দেখাননি এবং গুলিও চালাননি। তাঁর বক্তব্য, মাদক ব্যবসার বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই ওই অভিযান পরিচালনা করা হয়।
ইশরাক আরও জানান, তাঁর হাতে থাকা অস্ত্রটি বৈধ। তাঁর নির্বাচনী এলাকার গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক কারবার নিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। বিষয়টি পুলিশকে জানানোর পরও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তিনি নিজেই সেখানে যান বলে দাবি করেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মধ্যে পুলিশ তদন্তের উদ্যোগ নিয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করা হবে।
এসআর