[email protected] সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩

চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর, ঠিকানা বদলের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬ ১২:৫০ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রকাশের সময়সূচিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আর চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। ভোটার এলাকার ঠিকানা পরিবর্তন করতে আগ্রহীদের ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠির মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি।

কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এ লক্ষ্যে আগামী ডিসেম্বরে প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিরা নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন।

৫ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় কোনো তথ্যের বিষয়ে আপত্তি থাকলে ২০ নভেম্বরের মধ্যে তা জানাতে হবে।

এসব দাবি ও আপত্তি যাচাই-বাছাই করে ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ভোটার এলাকা পরিবর্তনের বিষয়ে ইসির পৃথক নির্দেশনায় বলা হয়েছে, এ-সংক্রান্ত আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর।

নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া আবেদনগুলো ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

এর আগে সেপ্টেম্বর মাসে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছিল।

সে সময় নভেম্বরে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকলেও নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন আসায় ভোটার তালিকা চূড়ান্ত করার সময়ও পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

এসআর

সম্পর্কিত খবর