রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি কিংবা সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করা হলে সরকার তা কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি জানান, আসন্ন রমজানকে কেন্দ্র করে যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির প্রক্রিয়ায় রয়েছে, তার পরিমাণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত। ফলে রমজান মাসে পণ্যের সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই। বাজারে সরবরাহও স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু রমজান নয়, বছরের অন্যান্য সময়েও নিত্যপণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল রাখতে একটি সমন্বিত সরবরাহব্যবস্থা প্রয়োজন। বিশেষ করে সবজির বাজারে সারা বছর উৎপাদন ও সরবরাহ বজায় রাখার জন্য পরিকল্পিত কৃষি উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমভেদে কৃষিপণ্যের উৎপাদন পরিকল্পনা করা গেলে বছরজুড়ে বাজারে সরবরাহ অব্যাহত রাখা সম্ভব। কোনো সবজি যদি জুলাইয়ে, অন্যটি নভেম্বরে এবং আরেকটি ফেব্রুয়ারিতে উৎপাদিত হয়, তাহলে বিভিন্ন সময়ে উৎপাদিত পণ্যের মাধ্যমে সারা বছর সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা যাবে।
বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
এসআর