[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় তিন দিনের ছুটি, যেসব সেবায় কর্মরতরা ছুটি পাবেন না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬ ৪:১২ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

ছুটির সঙ্গে সামঞ্জস্য রাখতে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকবে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা এ ছুটির আওতায় থাকবেন না।

যারা ছুটি পাবেন না

বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ছুটির বাইরে থাকবেন। এসব সেবার কাজে ব্যবহৃত যানবাহনও এর আওতাভুক্ত থাকবে।

হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মীরা ছুটি পাবেন না। একইভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদেরও ছুটির বাইরে রাখা হয়েছে।

এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত অফিস ও প্রতিষ্ঠানগুলোও এ ছুটির আওতামুক্ত থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা জারি করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বেসরকারি শিল্প-কারখানায় ছুটি

বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি দেওয়ার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

 

এসআর

সম্পর্কিত খবর