দেশে ডেঙ্গুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব রোগীর মৃত্যু হয়। এ নিয়ে ২০২৬ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে। আর চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।
এর আগে চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ছিল ৯ জন। গত ৮ সেপ্টেম্বর ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল। একই সংখ্যক রোগী মারা যান গতকাল সোমবারও। তবে মঙ্গলবারের ১০ জনের মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
এসআর