কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল চালিয়ে নেপালের এভারেস্ট অঞ্চলে গিয়ে তিনটি উচ্চতম পাস জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাইক্লিস্ট বীর কুমার তঞ্চঙ্গ্যা।
অভিযানের শেষ ধাপে সোমবার (৫ অক্টোবর) নেপালের স্থানীয় সময় বিকেল ৪টা ২৬ মিনিটে ৫ হাজার ৩৬০ মিটার উচ্চতার রেঞ্জো লা পাসে পৌঁছান বীর কুমার।
এর আগে ১ অক্টোবর দুপুর ১২টা ৩৩ মিনিটে তিনি জয় করেন ৫ হাজার ৪২০ মিটার উচ্চতার চো লা পাস। আর ২১ সেপ্টেম্বর দুপুর ১টা ৫৩ মিনিটে ৫ হাজার ৫৩৫ মিটার উচ্চতার কংমা লা পাস অতিক্রম করেন তিনি।
এই অভিযানের অংশ হিসেবে গত ১৪ আগস্ট কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে সাইকেল নিয়ে স্থলপথে যাত্রা শুরু করেন বীর কুমার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছান নেপালের হিমালয় অঞ্চলে। এরপর দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল পরিবেশ এবং অতিরিক্ত উচ্চতার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে একে একে তিনটি পাসের চূড়ায় সাইকেল নিয়ে পৌঁছান তিনি।
কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে উঠে আসা বীর কুমার দীর্ঘদিন ধরে সাইক্লিংয়ের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন অভিযানে অংশ নিচ্ছেন। এবারের অভিযানকে সেই ধারাবাহিকতায় তার অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
অভিযান শেষ করে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন বীর কুমার। তিনি জানান, এই অর্জন শুধু তার একার নয়; যারা তাকে ভালোবাসা, সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের সবার।
বীর কুমার বলেন, কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল চালিয়ে হিমালয়ের উচ্চতায় পৌঁছানো এবং এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাস জয় করা তার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। দুর্গম এই যাত্রাপথ সহজ ছিল না। তবে বাংলাদেশের পতাকা এবং নিজের এলাকার মানুষের ভালোবাসা কঠিন সময়গুলোতে তাকে সাহস জুগিয়েছে।
এসআর