দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছিল। তবে ২২ অক্টোবর ছুটির তালিকায় ছিল না। নতুন অনুমোদনের ফলে ওই দিনটিও সরকারি ছুটির আওতায় আসছে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন সরকারি চাকরিজীবীরা টানা ছুটি ভোগ করতে পারবেন।
এদিকে চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
মন্ত্রিসভার অনুমোদনের পর দুর্গাপূজার সময় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হলো।
এসআর