[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬ ৫:২৮ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের ১০২ জন শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষা ক্ষেত্রে অবদান ও জাতি গঠনে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

 

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচিত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

 

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদও তুলে দেওয়া হয়।

 

সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন এবং কলেজ পর্যায়ের ২৫ জন রয়েছেন। এ ছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক এ স্বীকৃতি পেয়েছেন। প্রধানমন্ত্রীর মনোনয়নে আরও সাতজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।

 

শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের পেশাগত মর্যাদা, অধিকার ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরতেই প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা ও গুরুত্বও এ দিবসে স্মরণ করা হয়।

 

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর