[email protected] মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

বোরকা পরে ভূমি অফিসে ডিসি, নিলেন সাধারণ সেবাগ্রহীতার অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫৪ পিএম

সংগৃহীত ছবি

ভূমি অফিসে সাধারণ নাগরিকরা কেমন সেবা পাচ্ছেন, কোথাও হয়রানি বা অনিয়ম হচ্ছে কি না—এসব সরাসরি জানতে সাধারণ সেবাগ্রহীতার ছদ্মবেশে ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বোরকা পরে নিজের পরিচয় গোপন রেখে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে অন্য নাগরিকদের মতো ভূমিসেবা নেওয়ার পাশাপাশি সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।

 

সেবাগ্রহীতাদের কাছে ভূমিসেবা নিতে গিয়ে হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি, অপ্রয়োজনীয় ভোগান্তি বা অন্য কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না, তা জানতে চান তিনি।

 

পরিদর্শনের সময় অফিসের সার্বিক পরিবেশ, কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের আচরণও পর্যবেক্ষণ করেন ফরিদা খানম। সাধারণ মানুষের অবস্থান থেকে ভূমি অফিসের সেবার বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি।

 

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও সহজে সেবা দেওয়ার পাশাপাশি স্বচ্ছতা বজায় রেখে হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার নির্দেশ দেন জেলা প্রশাসক।

 

ফরিদা খানম বলেন, নিয়মিত আনুষ্ঠানিক পরিদর্শনের মাধ্যমে ভূমি অফিসগুলোর কার্যক্রম দেখা হলেও সবসময় সেবার প্রকৃত চিত্র জানা সম্ভব হয় না। সাধারণ মানুষ হিসেবে ভূমিসেবা নিতে গিয়ে নাগরিকদের বাস্তব অভিজ্ঞতা কেমন, সেটি জানতে তিনি পরিচয় গোপন করে সরেজমিনে এসেছেন।

 

তিনি আরও বলেন, মানুষের কাছে সহজে ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তি থেকে মুক্ত রাখা প্রশাসনের দায়িত্ব। সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে সেবার বাস্তব পরিস্থিতি জানা গেলে প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব।

 

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে জেলার ভূমি অফিসগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আনুষ্ঠানিক পরিদর্শনের পাশাপাশি আকস্মিকভাবে মাঠপর্যায়ে গিয়ে সেবার বাস্তব চিত্র যাচাইয়ের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর