[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

লাগেজ পেতে দেরির অভিযোগ এখন ‘ট্রেন্ড’: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬ ৪:৫৮ পিএম

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষার বিড়ম্বনা বর্তমানে আর আগের মতো নেই বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, লাগেজ পেতে দেরি হওয়ার অভিযোগ অনেকটা ‘ট্রেন্ডে’ পরিণত হয়েছে। তবে কোথাও সত্যিই সমস্যা হলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সোমবার (৫ অক্টোবর) বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

এ সময় এক সাংবাদিক অভিযোগ করেন, কোনো কোনো যাত্রীকে লাগেজ সংগ্রহের জন্য এক থেকে দেড় ঘণ্টা, এমনকি তিন থেকে সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বিষয়টি নিয়ে মন্ত্রী বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আগের দিনের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। কর্মকর্তা এমন কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানান।

 

পরে সাংবাদিক দাবি করেন, তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং সৌদি আরবগামী একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকেও লাগেজ পেতে বিলম্বের অভিযোগ পেয়েছেন।

 

জবাবে মন্ত্রী বলেন, তিনি নিজে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছেন। তাদের কেউ ৯ মিনিট, কেউ ১০ মিনিট আবার কেউ ১৫ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন বলে জানিয়েছেন। তার ভাষ্য, বিমানবন্দরে লাগেজ পেতে দেরির বিষয়টি নিয়ে এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে।

 

মন্ত্রী বলেন, দেশের বিমানবন্দর তুলনামূলক ছোট হওয়ায় যাত্রীরা বিমান থেকে নামার পর দ্রুত লাগেজ হাতে পেতে চান। তবে অন্যান্য দেশের বিমানবন্দরেও লাগেজ পেতে কিছুটা সময় লাগে।

 

তবে বিমানবন্দরের সার্বিক সেবা আরও উন্নত করার বিষয়ে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, দীর্ঘদিনের কিছু সমস্যা দূর করতে সময় প্রয়োজন এবং সরকার বিষয়গুলো সমাধানে কাজ করছে।

 

বিমানবন্দরের কর্মীদের দায়িত্ব পালনের প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন, অতীতে কিছু কর্মী রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়ায় যথাযথভাবে দায়িত্ব পালন করেননি। বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের পক্ষ থেকে পুনরায় লাগেজ বিড়ম্বনার বিষয়টি তুলে ধরা হলে মন্ত্রী বলেন, দু-একটি ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে। সেসব অভিযোগ খতিয়ে দেখা হবে এবং তিনি নিজেও টার্মিনালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

এসআর

সম্পর্কিত খবর