[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬ ১১:৫২ এএম

সংগৃহীত ছবি

সব নাগরিকের জন্য নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করতে সরকার

 দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নাগরিকদের জন্য কেবল একটি ঘরই নয়, বরং সেটিকে নিরাপদ ও টেকসই করাও বর্তমান সময়ের অন্যতম দাবি।

​সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, টেকসই আবাসনের সঙ্গে নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, গণপরিবহণ ও সড়ক ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য সুবিধা এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সরাসরি সম্পৃক্ত। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সবার জন্য এমন সুযোগ নিশ্চিত করা চ্যালেঞ্জিং হলেও, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।

​ঢাকা ও বড় শহরের ওপর চাপ হ্রাস: রাজধানী ঢাকাসহ অন্যান্য শহরগুলোতে জনসংখ্যার অতিরিক্ত চাপ কমাতে সারাদেশের সঙ্গে উন্নত ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি গ্রামে নাগরিক সুবিধা বাড়ানো হচ্ছে।

​মাস্টারপ্ল্যান ও স্থানীয় উন্নয়ন: সুপরিকল্পিত ও বিকেন্দ্রীভূত নগরায়ণের লক্ষ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

​স্যাটেলাইট ও সেকেন্ডারি টাউনশিপ: সরকারের লক্ষ্য কেন্দ্রীভূত উন্নয়নের বাইরে এসে ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন সাধন করা। এজন্য দেশের স্থানিক পরিকল্পনা প্রণয়ন এবং ঢাকার চারপাশে 'সেকেন্ডারি টাউনশিপ' গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে।

​নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন:

প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ ও সীমিত আয়ের মানুষের জন্য পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। এ লক্ষ্যে ব্লকভিত্তিক আবাসন ব্যবস্থা, এলাকাভিত্তিক পার্ক ও খেলার মাঠ এবং নির্ধারিত জোনে শিল্পাঞ্চল গড়ে তোলার চেষ্টা চলছে। এসব উদ্যোগে বেসরকারি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত অংশগ্রহণের ওপরও তিনি জোর দেন।

​তিনি আশা প্রকাশ করেন, সরকার কর্তৃক গৃহীত পর্যায়ক্রমিক পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়িত হলে 'সবার জন্য নিরাপদ বাসস্থান' বাস্তবায়ন করা সম্ভব হবে, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১১) অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসআর

সম্পর্কিত খবর