সংবিধান সংশোধনের বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি।
রোববার (৪ অক্টোবর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভা শেষে কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংবিধান বিশেষজ্ঞ, নারী নেতৃত্বের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধি, জুলাই জাতীয় সনদ প্রণয়ন প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিরা মতামত দেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক, শ্রমজীবীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদেরও ধারাবাহিকভাবে বৈঠকে আমন্ত্রণ জানানো হবে।
পঞ্চম বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা শ্রমজীবী মানুষের প্রতিনিধি এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। তারা সংবিধান সংশোধন নিয়ে নিজেদের বিভিন্ন প্রস্তাব ও মতামত কমিটির কাছে তুলে ধরেন।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে সরাসরি উপস্থিত হয়ে মতামত দেওয়ার পাশাপাশি অন্য কেউ লিখিতভাবে কোনো প্রস্তাব দিতে চাইলে তা কমিটির কাছে পাঠানো যাবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, কমিটির বৈঠকে আলোচিত ও উত্থাপিত প্রস্তাবগুলোর পাশাপাশি লিখিতভাবে জমা পড়া প্রস্তাবগুলোও চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, সাকিলা ফারজানা এমপি এবং মো. মাহমুদুল হক রুবেল এমপি উপস্থিত ছিলেন।
বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ ও মাধবী মারমাও সভায় অংশ নেন। এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এসআর