রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুজন হলেন জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা (৩৬) এবং ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম ইউনিটের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ (২৭)।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, শুক্রবার আমিনবাজার এলাকা থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
ডিবির এই কর্মকর্তা আরও বলেন, হামলার ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে। তাদের গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, শুক্রবার রাতে মিরপুর এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে শাহ আলী থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর ভোরে মিরপুর-১ নম্বর সেকশনের ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, মুখোশ পরা এবং দেশীয় অস্ত্রে সজ্জিত দুই শতাধিক ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটিতে ঢুকে প্রথমে সেখানে দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষীকে জিম্মি করে। পরে তারা স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম লুট করে।
অভিযোগ অনুযায়ী, মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালানো হয়।
এসআর