[email protected] রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

পর্যটনে জিডিপির অবদান দ্বিগুণ করতে কাজ করছে সরকার: বিমান ও পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ৯:২০ পিএম

সংগৃহীত ছবি

পর্যটন খাতে দেশের জিডিপিতে অবদান ৩ শতাংশ থেকে ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে

 সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ লক্ষ্য অর্জনে সরকার ও বেসরকারি খাতসহ পর্যটনের সাথে সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​তিনি জানান, পর্যটনের বিকাশে ‘জাতীয় পর্যটন কাউন্সিল (এনটিসি)’ গঠন করা হয়েছে এবং আজ উঠে আসা পরামর্শগুলো সেখানে তুলে ধরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সরকারের ১৮০ দিনের পরিকল্পনার আওতায় পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করা, নদী ও জলভিত্তিক পর্যটনের প্রসার এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে এর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তর ও সরাসরি বিদেশি ফ্লাইট চালুর উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

​মন্ত্রী আরও জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটে পিপিপি, জয়েন্ট ভেঞ্চার বা লিজিংয়ের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের সুযোগ রয়েছে, যেখানে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে মন্ত্রণালয় প্রস্তুত।

​অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার জানান, এবারই প্রথম ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। ভিসা নীতি পরিবর্তন, ট্রাভেল এজেন্সি নিবন্ধন আইন হালনাগাদ এবং টেকসই পর্যটনকে গুরুত্ব দিয়ে ‘জাতীয় পর্যটন নীতি-২০২৬’ প্রণয়নের কথা উল্লেখ করেন তিনি।

​অনুষ্ঠানে প্রথমবারের মতো ১৩টি ক্যাটাগরিতে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬’ তুলে দেওয়া হয়। এতে সেরা টেকসই পর্যটন উদ্যোগের পুরস্কার পান ‘শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন’-এর উদ্ভাবক মো. শাখাওয়াত হোসেন। সেরা পাঁচ তারকা হোটেল হয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, চার তারকা হোটেল ‘হোটেল আগ্রাবাদ’ এবং তিন তারকা ‘হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি’।

​এছাড়াও সেরা ইনবাউন্ড ও ডোমেস্টিক ট্যুর অপারেটর যথাক্রমে দ্য বেঙ্গল ট্যুরস ও শেয়ারট্রিপ; সেরা বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম; সেরা তরুণ পর্যটন উদ্যোক্তা মেহেদী হাসান; সেরা হোমস্টে চারুবালা হোমস্টে; সেরা কন্টেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন); সেরা পর্যটন প্রযুক্তি উদ্যোগ বিডি টিকেটস; সেরা নারী উদ্যোক্তা নুরানী শারমিন আফরোজ; সেরা ট্যুরিস্ট ভেসেল এমভি মালঙ্গী; সেরা ট্যুর গাইড মো. সারোয়ার জাহান; সেরা মাইস উদ্যোগ সেভর ইন্টারন্যাশনাল এবং সেরা পর্যটন সাংবাদিক হিসেবে মো. নাঈম উল ইসলাম পুরস্কার গ্রহণ করেন।

​অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর