[email protected] শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬ ৮:৩৪ পিএম

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

 

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর জামায়াতে যোগ দেওয়া এই রাজনীতিকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

 

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়। শুক্রবার বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

 

মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের BG-338 ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

 

একপর্যায়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের অনুরোধে পরিস্থিতি সামাল দিতে সেখানে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি কথা বলার সময় মেজর (অব.) আখতারুজ্জামান তার দিকে উত্তেজিতভাবে এগিয়ে যান এবং অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। এ সময় বিমান ও পর্যটনমন্ত্রী সম্পর্কেও তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (KPI) এলাকায় ভিডিও ধারণ করছিলেন। দায়িত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণে বাধা দিলে আখতারুজ্জামান তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

এ ছাড়া অন্য যাত্রীদের আনা জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে ক্ষতিগ্রস্ত করা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

মামলার বাদীর দাবি, এসব কর্মকাণ্ডের কারণে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত স্থাপনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি হয়। একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়।

 

এসব অভিযোগে দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।

 

আখতারুজ্জামানের রাজনৈতিক জীবনও নানা বিতর্কে আলোচিত। বিএনপিতে থাকাকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে একাধিকবার বহিষ্কার করা হয়। বিভিন্ন সময়ে মোট পাঁচবার বহিষ্কারের পর তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় বিভিন্ন পদও বাতিল করা হয়েছিল বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর