[email protected] শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩

নানাবাড়ির এলাকায় এসে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬ ৯:২১ পিএম

সংগৃহীত ছবি

নিজের নানাবাড়ির এলাকা ফেনীতে এসে আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, শুধু নানাবাড়ির এলাকায় আসাটাই যথেষ্ট নয়; মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনে পাওয়া দায়িত্বও যথাযথভাবে পালন করতে হবে। দেশের মানুষের পাশাপাশি ফেনীর মানুষের কল্যাণেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া সেচ প্রকল্প উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

 

বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি দাবি করেন, গত কয়েক বছরে ভোটাধিকার ও মানুষের অধিকার নিয়ে কথা বলার কারণে বিএনপির বহু নেতাকর্মী নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়েছেন। এখন দেশে গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অন্যের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার আগে নিজেদের কাজের হিসাব দেওয়া উচিত। নিজেদের সময়ে নারী ও সাধারণ মানুষের জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই বিষয়টিও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

 

তারেক রহমান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের উন্নয়নমূলক কর্মসূচি বাধাগ্রস্ত হলে এর ভোগান্তি সাধারণ মানুষকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

 

আইনের শাসন প্রতিষ্ঠার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এ সময় রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল চৌধুরী মিন্টু, স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর