জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ান।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ঘটনার পর থেকেই তার পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।
স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি ওই ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।
একই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগও ওঠে।
এদিকে, ফেরদৌসী আহমেদ মিষ্টির আগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্কের কথা সামনে এসেছে।
ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠার কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসআর