সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদে গেছেন।
জানা গেছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেবেন।
এর আগে বিএনপির সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এদিকে, মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগকে কেন্দ্র করে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।
দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করতে পারেন বলে দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে।
এসআর