চলতি অক্টোবর মাসজুড়ে দেশে আবহাওয়ার নানামুখী পরিবর্তন দেখা যেতে পারে বলে
জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, মাসের শুরুতে তীব্র ভ্যাপসা গরম ও স্বল্পস্থায়ী বৃষ্টি হলেও মাঝামাঝি সময়ে মৌসুমি বায়ু বিদায় নেবে। তবে শেষভাগে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
১ থেকে ১০ অক্টোবর (প্রথম ১০ দিন):
চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহে স্বল্পস্থায়ী বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। তবে শুরুর দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি ও মেঘের আধিক্য বেশি থাকতে পারে।
রাজশাহী ও রংপুরে স্বাভাবিক খরা এবং রাজশাহী ও সিলেটের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিহীন সময়ে দেশজুড়ে ভ্যাপসা গরম থাকবে।
দুপুর থেকে মধ্যরাতের মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা বেশি, তাই বিশেষ সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে।
নদী অববাহিকায় ভোরে স্বাভাবিক কুয়াশা দেখা দিতে পারে।
১১ থেকে ২০ অক্টোবর (দ্বিতীয় ১০ দিন):
আবহাওয়া মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশ কম।
আগামী ১৪ অক্টোবরের মধ্যে দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সম্পূর্ণরূপে বিদায় নিতে পারে।
১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি দুর্বল লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে ১৭ অক্টোবরের পর থেকে গভীর সমুদ্র কিছুটা উত্তাল হতে পারে।
২১ থেকে ৩১ অক্টোবর (শেষ ১০ দিন):
২১ থেকে ২৫ অক্টোবরের মধ্যে সাগরের সম্ভাব্য সিস্টেমের প্রভাবে দক্ষিণ ও মধ্যাঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশসহ বৃষ্টিপাত বাড়তে পারে।
এই সময়ে সমুদ্র উত্তাল থাকা এবং পাহাড়ি এলাকায় সামান্য পাহাড়ধসের ঝুঁকি রয়েছে।
২৫ অক্টোবরের পর থেকে আবহাওয়া আবার পরিষ্কার হয়ে যাবে এবং ভ্যাপসা গরম কমে আসবে।
বিডব্লিউওটি জানিয়েছে, সামুদ্রিক লঘুচাপের গতিপথ পরিবর্তনের ওপর মাসের শেষের পূর্বাভাস কিছুটা নির্ভর করতে পারে। তবে পুরো অক্টোবর মাসে দেশে কোনো বন্যা, শিলাবৃষ্টি বা গ্রহণের সম্ভাবনা নেই।
এসআর