ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই না করে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর। এমন পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে নতুন করে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি সরেজমিন পরিস্থিতি ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে দেখবে। এরপরই ভোজ্যতেলের দাম নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নেতিবাচক প্রভাব যাতে দেশি-বিদেশি বিনিয়োগে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে বুধবার সকালে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার সুরমা নদীর ডান তীরের কানিশাইলে নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।
এসআর