বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১২টার পর থেকেই নির্ধারিত নতুন দাম কার্যকর হবে।
কমিশন জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করা হয়েছে। গণশুনানি ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনার পর ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে ফার্নেস অয়েলের লিটারপ্রতি দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ নতুন সিদ্ধান্তে এক লিটার জ্বালানির দাম বেড়েছে ১১ টাকা ৯২ পয়সা।
এর আগে টানা দুই দফায় ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল বিইআরসি। গত ৩০ জুন লিটারপ্রতি ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরবর্তী দুই মাসে দাম আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নেমে আসে। এবার সেই দাম থেকে আবার বাড়ানো হলো।
আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করছে বিইআরসি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের ক্ষমতা কমিশনকে দেওয়া হয়।
এরপর জানুয়ারিতে গণশুনানি অনুষ্ঠিত হওয়ার পর ২২ ফেব্রুয়ারি প্রথমবার ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। তখন থেকে আন্তর্জাতিক বাজারের দরের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে নতুন মূল্য ঘোষণা করে আসছে কমিশন।
এসআর