[email protected] বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-আমিরাতের পারস্পরিক আইনি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৯:১৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য বিনিময় এবং পারস্পরিক আইনি সহায়তার কার্যক্রম আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবিতে জাতিসংঘের ১৫তম অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।

 

বৈঠকে কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীকে ধন্যবাদ জানান আইনমন্ত্রী। একই সঙ্গে দেশটিতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা দেওয়াসহ দেশটির অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের অবদান রাখার সুযোগ করে দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

জবাবে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

 

এ ছাড়া বাংলাদেশি প্রতিনিধিদলের সফরকালে উষ্ণ আতিথেয়তা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান আইনমন্ত্রী।

এসআর

সম্পর্কিত খবর