দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করা ৬৮ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার করেছে সরকার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য নিজ নিজ বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালনকারীরা রয়েছেন।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এসব কর্মকর্তা নিজ নিজ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে ছিলেন।
নতুন আদেশের পর তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে—এসব তথ্য উল্লেখ রয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনগুলো জারি করা হয়েছে।
এসআর