[email protected] বৃহঃস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৭:২৪ পিএম

সংগৃহীত ছবি

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্দেশ্য সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, পেশাদার সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের গুণগত মান বৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামে ভুঁইফোড় পেজ ও অনলাইন পোর্টাল খুলে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে।

এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে। অনেকেই শুধু একটি মোবাইল ফোন ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে নানা ধরনের তথ্য প্রচার করছেন। মূলধারার সাংবাদিকতার বাইরে এ ধরনের কর্মকাণ্ড একটি বড় সমস্যা।

সাংবাদিকদের পরিচয় ও পেশাগত অবস্থান নির্ধারণে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা এবং সুনির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বিএফইউজে, ডিইউজে, ডিআরইউসহ সাংবাদিক সংগঠন এবং সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি মন্ত্রণালয় ও আন্তমন্ত্রণালয় পর্যায়েও বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে।

তিনি আরও বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানসহ সাংবাদিকদের জন্য বিভিন্ন নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা ও মাপকাঠি প্রয়োজন।

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে ডিআরইউর পাশে থাকার আশ্বাস দেন ইয়াসের খান চৌধুরী। সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সংগঠনটির সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সময়োপযোগী ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়েও সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওয়েজ বোর্ড নিয়ে দ্রুত অগ্রগতির জন্য শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আলোচনা করা হবে।

সভায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও বিষয় দেখভালের দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।

সাংবাদিকদের কল্যাণ ও সমস্যা সমাধানে ডিআরইউ সরকারকে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, অরাজনৈতিক সংগঠন হিসেবে ডিআরইউ পেশাদার সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে কাজ করছে।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের আওতায় সাংবাদিকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ডিআরইউর সহ-সভাপতি মেহদী আজাদ মাসুম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর