ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রথম বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং এর অধীন প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিশেষ করে বিভিন্ন সময়ে জ্বালানি তেলের দাম বাড়ানো ও সমন্বয়ের কারণ নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।
এ ছাড়া জ্বালানি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার উপায় এবং মূল্য নির্ধারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জ্বালানি সংকটের পেছনে কী কারণ ছিল, সে বিষয়ে বিপিসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। একই সময়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন না ঘটলেও শুধু দাম বাড়ানোর মাধ্যমে কীভাবে সংকট পরিস্থিতির অবসান হয়েছে, সেটিও জানতে চাওয়া হয়।
দেশের বর্তমান জ্বালানি চাহিদা, মজুত সক্ষমতা এবং ভবিষ্যতে বাড়তে থাকা চাহিদা পূরণে বিপিসির প্রস্তুতির বিষয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত তথ্য উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
পাশাপাশি সাধারণ মানুষের জন্য জ্বালানির মূল্য সহনীয় রাখতে বাস্তবভিত্তিক ও সময়োপযোগী পরিকল্পনা প্রণয়ন করে তা কমিটির কাছে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, বিপিসির কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসআর